আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট ‘চোর’: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তার এ মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অবমাননাকর হিসেবে বিবেচনা করছে ব্রাসিলিয়া। ঘটনাটিকে কেন্দ্র করে আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৫ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন হাভিয়ার মিলেই। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্য করেন। ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

একই বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটাক্ষ করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক জানান, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, দেশটির জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।

রোববার (২৬ জুলাই) এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন, অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি এবং প্রধান বাণিজ্যিক অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে আগে থেকেই বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এ ঘটনার পর আরও তীব্র হতে পারে।

প্রসঙ্গত, লুলা পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন সেনেটর ফ্লাভিও বলসোনারো, যার পরিবারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লুলা দা সিলভা #হাভিয়ার মিলেই #ব্রাজিল #আর্জেন্টিনা