দেশজুড়ে

স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তার-বহিষ্কারের দাবিতে আমরণ অনশনে ভুক্তভোগীর পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দলীয় বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার পরিবার।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করেন ইন্নার স্ত্রী শাপলা আহমেদ। 

পরিবারের অভিযোগ, তাদের দেওয়া বিভিন্ন অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদেই তারা আমরণ অনশনে বসেছেন।

শাপলা আহমেদ জানান, তার ছেলে শাফিন আহমেদ জিসানকে ফোন করে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন ছানোয়ার হোসেন সানু। একই ফোনালাপে তার স্বামী শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। 

পাশাপাশি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন শাপলা। ওই ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শাপলা আহমেদ। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পোস্ট এবং সেটিকে কেন্দ্র করে তার ছেলে শাফিনের দেওয়া বক্তব্যকে ঘিরেই বিরোধের সূত্রপাত। 

এরপর থেকে তাদের পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের দাবি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সানুকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন তারা।

শাপলা আহমেদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, নিরাপত্তার জন্য বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ও সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #ছানোয়ার হোসেন সানু #স্বেচ্ছাসেবক দল