নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। হামলায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ভোরে কাওরু এলাকার নারিডন গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গ্রাম প্রধানের সচিব দোগন রানা জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। হামলায় আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতের কিছুক্ষণ আগে হামলাকারীরা গ্রামে প্রবেশ করে একের পর এক বাড়িতে ঢুকে গুলি চালায়। এছাড়া কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের তৎপরতা বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে। এসব এলাকায় গ্রাম ও সাধারণ মানুষকে লক্ষ্য করে প্রায়ই প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বোকো হারাম ও এর বিচ্ছিন্ন গোষ্ঠী আইএসডব্লিউএপির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। তবে কাদুনার সর্বশেষ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: রয়টার্স
এমএ//