আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। দেশটির পুলিশ হতাহতের এ তথ্য জানিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা এলাকার একটি মদের বারে হামলায় ১৭ জন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

রাত সাড়ে ৯টার দিকে ওয়েডেলার এক্সটেনশন-৩ এলাকায় হামলাটি শুরু হয়। প্রথমে বারের বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। পরে তারা ভেতরে ঢুকে গুলি চালায়। হামলার সময় কয়েকজনের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। পরে দুটি গাড়িতে করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আরও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন আটজনকে শনাক্ত করে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর কয়েক ঘণ্টা পর রোববার ভোরে কেপটাউনের কাছের ল্যান্ডলে এলাকায় একটি দোকানে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে নিহত হন ১০ জন এবং আহত হন ১১ জন। এ ঘটনায়ও একাধিক সন্দেহভাজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ আফ্রিকা #বন্দুক হামলা