শিক্ষা

এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ভুল প্রশ্ন বিতরণ

বায়ান্ন প্রতিবেদন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব থেকে তিনজনকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ৩০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা

বোরহান উদ্দিন বলেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা যতই হোক না কেন প্রতিটি খামে ২০ থেকে ৫০টি প্রশ্ন থাকে। ফলে পাশের কেন্দ্রে বাড়তি প্রশ্ন ছিল

তিনি আরও বলেন, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের চারটি সেট থাকে। যেহেতু দ্বিতীয় পত্রের একটি সেট পরীক্ষার্থীরা দেখে ফেলেছে, তাই ২৯ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিকল্প সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হবে

উল্লেখ্য, কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৯২ জন। এর মধ্যে ৩০১ নং কক্ষে ব্যবসায় শিক্ষা শাখার ৯ জন পরীক্ষার্থী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন। 

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর #এইচএসসি #প্রশ্নপত্র #পরিবর্তন