অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও ‘এ ওয়ান ট্রেডিং বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। এতে ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেছেন এবং জমির মালিকানা দাবি করে ভাড়া চেয়েছেন। তবে ওই জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ।
জিডির পরদিন ডিপজল তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন। এছাড়া বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিষয়টি প্রচার করেন।
বাদীর দাবি, নাভানা সিএনজির সম্পত্তির প্রকৃত মালিক তিনি। ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে এবং কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
আই/এ