পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রায় ৭৪ লাখ টাকার ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনার পর সেগুলো উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল থেকে রাতের মধ্যে ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল এলাকার লালন শাহ সেতুর সংযোগ সড়ক ও বিডি স্কেল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঝুট ব্যবসায়ী মো. বিপ্লব (৫৪) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের ‘আইএইচএম গার্মেন্টস’ থেকে ঝুট কাপড় বোঝাই ছয়টি ট্রাক ওজন করার জন্য দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে নেওয়া হয়। এ সময় মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন সেখানে এসে উপস্থিত হয়।
অভিযোগ অনুযায়ী, নবী নামে এক ব্যক্তি ব্যবসায়ী বিপ্লবের পেটে পিস্তল ঠেকিয়ে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে জোর করে এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এরপর ডাকাতরা ট্রাকচালক, হেলপার এবং ওজন স্কেলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। ট্রাক দুটি প্রথমে পাকশীর রূপপুর এলাকায় এবং পরে পাবনা বাইপাস সড়কের গাছপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাবনা বাইপাস এলাকা থেকে দুটি ট্রাক উদ্ধার করে। এ সময় জিম্মি থাকা ট্রাকচালকদেরও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা একটি প্রাইভেটকারে পালিয়ে যায়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ইনচার্জ) রাশেদুল ইসলাম বলেন, এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ট্রাক দুটি ও মালামাল উদ্ধার করা হয়েছে। জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএ//