দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি দিল্লি পুলিশের সদস্যদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেছেন এবং তাদের আচরণের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিই কর্মকর্তাদের তুলনা করেছেন।
বুধবার (২২ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি অভিযানের পর দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরুদ্দিন শাহর একটি ভিডিওবার্তা প্রকাশ করা হয়েছে।
উর্দু ভাষায় দেওয়া ওই বার্তায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, “যখন একজন অযোগ্য ব্যক্তি একটি দেশের নেতৃত্ব দেয়, তখন সে চায় পুরো দেশও তার মতো অজ্ঞ, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মুখে মুখোশ আর হাতে লাঠি নিয়ে থাকা এসব মানুষকে যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের মতো মনে হচ্ছে। নিজেদের সন্তানদের কথাও ভাবুন। একদিন এর জবাব আপনাদেরও দিতে হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, “কোনোভাবেই হাল ছেড়ে দিও না। দেশের অসংখ্য মানুষ তোমাদের পাশে রয়েছে। তোমাদের এই সংগ্রাম দেশের তরুণদের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় করেছে।”
অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া কিছু ব্যক্তি সহিংস আচরণ করেছেন, বারবার সতর্ক করার পরও তারা ছত্রভঙ্গ হননি এবং জারি থাকা নিষেধাজ্ঞা অমান্য করেছেন।
তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। তাদের দাবি, সাদা পোশাকধারী কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে মিলে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা খাতে অনিয়মের প্রতিবাদে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সিজেপির নেতৃত্বে আন্দোলন চলছে। পরে এতে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি যন্তর মন্তরে অনশন শুরু করেন।
মঙ্গলবার আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি। এদিন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও কয়েকজন কংগ্রেস নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাদের আটক করে।
এমএ//