কয়েক দিনের টানা বর্ষণের পর রাজধানীবাসী একটু স্বস্তির আশায় দেখেছিল রোদের মুখ। তবে সেই স্বস্তি স্থায়ী হলো না। ভ্যাপসা গরমের অস্বস্তি কাটতে না কাটতেই আবারও আকাশ ঢেকে গেল মেঘে। সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি, সঙ্গে ফিরেছে বৃষ্টিমুখর আবহাওয়া।
এর আগে দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। অন্য অঞ্চলে এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মৌসুমি বায়ুর এই প্রভাব আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসি//