অপরাধ

করোনা জালিয়াতিতে আলোচিত রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার

আবারও গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রিজেন্ট হাসপাতালের বিতর্কিত চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে।

সোমবার (২০ জুলাই) ঢাকা মহানগরীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মহামারি চলাকালে করোনাভাইরাসের ভুয়া পরীক্ষার সনদ প্রদান ও প্রতারণার নানা অভিযোগে প্রথম আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেদ।

২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে দেখা যায়, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই করোনা নেগেটিভ-পজিটিভ সনদ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।

অভিযোগ প্রমাণিত হওয়ায় পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল দুটির প্রধান কার্যালয়সহ কার্যক্রম সিলগালা করে দেওয়া হয়। ওই বছরের ৭ জুলাই সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাব। এর ধারাবাহিকতায় ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সাহেদ। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মোট ৯৬টি মামলা ছিল, যার মধ্যে ৫টিতে তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলায় জামিন পাওয়ার পরই তিনি কারামুক্তি পেয়েছিলেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজেন্ট হাসপাতাল #মোহাম্মদ সাহেদ