অবশেষে শেষ হতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বজয়ের শেষ লড়াইয়ে নামবে দুই ফুটবল পরাশক্তি।
বহুল প্রতীক্ষিত এই ফাইনালের আগে স্পেনকে সতর্ক করে দিয়েছেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে ডেল বোসকে।
২০১০ সালে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো ৭৫ বছর বয়সী এই কোচের মতে, আর্জেন্টিনার মতো অভিজ্ঞ ও লড়াকু দলকে এক মুহূর্তের জন্যও হালকাভাবে নেওয়া যাবে না।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ডেল বোসকে বলেন, আর্জেন্টিনা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ এবং তারা খুব ভালো করেই জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়।
তার মতে, ফাইনালের মতো মঞ্চে প্রতিপক্ষকে সামান্য অবমূল্যায়ন করাও বড় ভুল হয়ে যেতে পারে।
তবে সতর্কতার পাশাপাশি নিজের দেশের বর্তমান দলকে নিয়েও দারুণ আশাবাদী স্পেনের বিশ্বকাপজয়ী এই কোচ। চলতি আসরে লামিনে ইয়ামাল, রদ্রি ও সতীর্থদের পারফরম্যান্সে তিনি মুগ্ধ।
তার বিশ্বাস, টুর্নামেন্টজুড়ে যে আধিপত্য ও আত্মবিশ্বাস স্পেন দেখিয়েছে, তা তাদের শিরোপার খুব কাছাকাছি নিয়ে গেছে।
ডেল বোসকের মূল্যায়নে, এখন পর্যন্ত স্পেন প্রতিটি ম্যাচেই খেলাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পুরো টুর্নামেন্টে দলটি পরিস্থিতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবলের ছাপ রেখেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপের ট্রফিও স্পেনের হাতেই উঠতে পারে বলে মনে করেন তিনি।
এখন দেখার অপেক্ষা, অভিজ্ঞ কোচের সতর্কবার্তা মাথায় রেখে স্পেন নিজেদের প্রথম পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কি না, নাকি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিশ্বকাপ ধরে রাখে।
এসি//