২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীর। এর পাশাপাশি তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারকেও এই মামলায় আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তিনি আরও উল্লেখ করেন, তদন্তে এখন পর্যন্ত কেবল ঢাকাতেই ৩২ জনের মৃত্যুর তথ্য মিলেছে। তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
এদিকে, মামলার অগ্রগতির খোঁজ নিতে আজ সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে ১০-১৫ জনের এই দলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। দিনভর দফায় দফায় সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সেখান থেকে দলটির নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়। ওই অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া চলছে।
আর/আই