খেলাধুলা

‘সবচেয়ে সেরা’ কোচ হওয়ার দ্বারপ্রান্তে স্কালোনি

স্পোর্টস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবল ছিল অনিশ্চয়তা আর হতাশায় ঘেরা। চার বছর আগে ফাইনাল খেলা দলটি এবার বিদায় নেয় শেষ ষোলো থেকেই। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো বড় বড় কোচও তখন আগ্রহ দেখাচ্ছিলেন না। ঠিক সেই সময়ই অনেকটা অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনার ডাগআউটে দায়িত্ব পান লিওনেল স্কালোনি। কয়েক বছরের ব্যবধানে সেই স্কালোনিই এখন বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে।

৪৮ বছর বয়সী এই কোচের অধীনেই ২০২২ বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার তার দল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা জিততে পারলে বিশ্বকাপের ইতিহাসে টানা দুইবার শিরোপাজয়ী তৃতীয় দেশ হবে। এর আগে কেবল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) এই কীর্তি গড়তে পেরেছে।

তবে স্কালোনির সামনে রয়েছে আরও বড় একটি ব্যক্তিগত রেকর্ড। এখন পর্যন্ত পরপর দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কোচ হিসেবে রয়েছে শুধু ইতালির ভিত্তোরিও পোজ্জোর। ইতালির ১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপজয়ী দলের ডাগআউটে ছিলেন তিনিই।

ব্রাজিল অবশ্য ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুই বিশ্বকাপ জিতেছিল। তবে দুটি আসরে তাদের কোচ ছিলেন আলাদা। ১৯৫৮ সালে দায়িত্বে ছিলেন ভিসেন্তে ফেওলা, আর ১৯৬২ সালে ব্রাজিলকে শিরোপা জেতান আইমোরে মোরেইরা। ফলে একই কোচের অধীনে টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনো এককভাবে পোজ্জোর দখলেই।

এ পর্যন্ত ২২টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ২১ জন কোচের দল। এর মধ্যে পাঁচজন কোচ একবার বিশ্বকাপ জিতেছেন, আরেকবার হয়েছেন রানার্সআপ। সেই তালিকায় রয়েছেন জার্মানির হেলমুট শ্যোন (১৯৭৪ চ্যাম্পিয়ন, ১৯৬৬ রানার্সআপ), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৯০ চ্যাম্পিয়ন, ১৯৮৬ রানার্সআপ), আর্জেন্টিনার কার্লোস সালভাদোর বিলার্দো (১৯৮৬ চ্যাম্পিয়ন, ১৯৯০ রানার্সআপ), ব্রাজিলের মারিও জাগালো (১৯৭০ চ্যাম্পিয়ন, ১৯৯৮ রানার্সআপ) এবং ফ্রান্সের দিদিয়ের দেশম (২০১৮ চ্যাম্পিয়ন, ২০২২ রানার্সআপ)।

রোববারের ফাইনালে আর্জেন্টিনা হেরে গেলে স্কালোনিও এই তালিকায় নাম লেখাবেন। তবে জয় পেলে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ, যিনি একই দলের হয়ে পরপর দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। একই সঙ্গে আধুনিক ফুটবলে এই রেকর্ডের প্রথম মালিকও হবেন তিনি।

বিশ্বকাপজয়ী ২১ জন কোচই নিজ নিজ দেশের জাতীয় দলকে শিরোপা জিতিয়েছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকার বিষয়টি নিশ্চিত।

কারণ ফাইনালে আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন স্বদেশি লিওনেল স্কালোনি এবং স্পেনের দায়িত্বে থাকবেন দেশটিরই কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বিশ্বকাপের ইতিহাসে ভিন্ন দেশের জাতীয় দল পরিচালনার দিক থেকে আলাদা একটি রেকর্ড রয়েছে ব্রাজিলকে ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতানো কার্লোস আলবার্তো পেরেইরার। একমাত্র কোচ হিসেবে তিনি পাঁচটি ভিন্ন দেশের দায়িত্ব নিয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেন্টিনা #ফিফা ২০২৬ #লিওনেল স্কালোনি