মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবার সীমিত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। তাই নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ এড়াতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে স্প্রে মেশিন, সেলাই মেশিন, নলকূপ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে রাষ্ট্রের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও বক্তব্য দেন তিনি। পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখাকে কেন্দ্র করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করা শিক্ষা ব্যবস্থারই একটি অংশ।
জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে টুকু জানান, নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর ফলে আমদানিনির্ভর জ্বালানির প্রয়োজন কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/আই