এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল থাকার ঘটনায় বিগত সরকারকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের স্বার্থ ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে ভুল থাকা দুটি প্রশ্নে সবাইকে সম্পূর্ণ নম্বর দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। প্রশ্ন মডারেশন বা চূড়ান্ত করার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং এটি অন্তত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে কোনো প্রশ্নপত্র তৈরি করেনি। মাত্র চার মাস আগে দায়িত্ব নেওয়া বিএনপি সরকারের আমলে এই প্রশ্ন প্রণয়ন করা হয়নি, বরং পূর্ববর্তী সরকারের মডারেটরদের তৈরি করা প্রশ্নেই এই ত্রুটি রয়ে গেছে।
তিনি আরও জানান, মডারেটরদের ভুলের কারণে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিতর্কিত ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আর/আই