রাজধানী

আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নতুন করে সড়কে অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় অবস্থান করেন তারা।

এরপর শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কার্যালয়ের সামনে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে আবার মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে নতুন করে অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি হলো—

দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখতে হবে;

বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে;

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #রাজধানী #সায়েন্সল্যাব মোড়