আন্তর্জাতিক

মার্কিন আগ্রাসনে হরমুজ কখনোই খুলবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মুখে হরমুজ প্রণালি কখনোই পুনরায় উন্মুক্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলেছে, ইরানের জনগণের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোই কেবল এই গুরুত্বপূর্ণ নৌপথ চালুর একমাত্র উপায়।

মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আলজাজিরা জানায়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, ‘যুদ্ধ, আগ্রাসন কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই খোলা হবে না।’

তিনি আরও বলেন, কৌশলগত এ জলপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী তাদের অবস্থান থেকে একচুলও সরে আসবে না। হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানের জনগণের অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো ছাড়া অন্য কোনো পথ নেই।

আক্রমিনিয়া জানান, দেশের শহীদদের, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেওয়াকে ইরান নিজেদের দায়িত্ব বলে মনে করে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধ #ইরান #যুক্তরাষ্ট্র #হরমুজ