জুলাই জাদুঘর খোলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দ্রুতই এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের পরিচালনা কমিটি কিছুটা অগোছালো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও সার্বিক বিষয়ে বিস্তারিত দেশবাসীকে জানানো হবে।
বিগত সরকারের তীব্র সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, গেল ১৮ থেকে ২০ বছরে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ববর্তী সরকার দেশের বহু সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধার করে তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুমিল্লা সফরকালে মন্ত্রী ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহারের ঐতিহাসিক এলাকা ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আর/আই