পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে যান ক্ষিতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে মন্দিরসংলগ্ন এলাকায় তারা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন।
এ সময় পরিবারের অগোচরে উর্মী মহাসড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।
স্থানীয়দের চিৎকারে শিশুটির বাবা-মা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আলীম তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে সহযোগিতা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমএ//