আবহাওয়া

টানা ৩দিন ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের উচ্চ ঝুঁকিতে ৫ জেলা

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৯ জুলাই) আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়, যেখানে ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বান্দরবানে ২৩৫ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার এবং কক্সবাজারে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে সংস্থাটি। ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলা; রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পাহাড়ের ঢাল ও অতিঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। বয়স্ক, শিশু, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, মোমবাতি, ম্যাচ, অন্তত তিন দিনের কাপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ করে প্রস্তুত রাখারও আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। তাই নদী, খাল ও ঝিরির আশপাশে অবস্থান না করার এবং ঘরের আশপাশের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং প্রশাসনের নির্দেশনা মেনে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিধ্বস #বৃষ্টি #ভারী বৃষ্টি