এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের এ–সংক্রান্ত বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৭ জুলাই) তথ্য অধিদপ্তরে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে। তবে তার মতো একজন নেতার কাছ থেকে সরকার আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে।
হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার পর এখনো চব্বিশ ঘণ্টা পূর্ণ হয়নি। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার সম্ভব হয় না, তবে এ ঘটনায় জড়িতদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তদন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে এবং সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নিয়ে কাজ করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও বিচ্ছিন্নভাবে এমন ঘটনা ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে।
তার ভাষায়, বর্তমান সরকার এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসি//