দেশজুড়ে

কক্সবাজারে ১০১ মি.মি. বৃষ্টি, আরও ভারী বর্ষণের আশঙ্কা

কক্সবাজার প্রতিনিধি

টানা বর্ষণে কক্সবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

অতিভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা আবহাওয়া অফিস

এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে। অনেক এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।এদিকে অতিভারী বর্ষণের পূর্বাভাস পর পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পাহাড়ের পাদদেশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার গুলো উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার