রাজধানীর রমনা পার্কে চেতনানাশক খাইয়ে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
শনিবার (৪ জুলাই) দুপুরে রমনা পার্কের কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রমনা পার্কে ১৫ বছর বয়সী এক কিশোরীর অস্বাভাবিক অবস্থা নজরে পড়ে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের। ওই স্কুলছাত্রীর সঙ্গে আল-আমিনের আচরণ ও গতিবিধি তাদের কাছে সন্দেহজনক মনে হয়।
পরে তারা সন্দেহভাজন আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে সাংবাদিক দাবি করে। প্রমাণ হিসেবে ঝটপট দুটি পরিচয়পত্রও প্রদর্শন করে। সন্দেহ হয় আনসার সদস্যদের, যাচাই করে দেখেন সেগুলো ভুয়া।
আল-আমিনকে জিজ্ঞাসাবাদে আনসার সদস্যরা জানতে পারেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রী ঢাকার বিক্রমপুরের বাসিন্দা। অভিযুক্ত আল-আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে, যার সঙ্গে ওই ছাত্রীর কোনও পূর্বপরিচয় ছিল না। কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে আল-আমিন তাকে আগেই কৌশলে চেতনানাশক পানীয় পান করিয়েছিল।
এ ঘটনায় জব্দ মালামালসহ অভিযুক্ত অপহরণকারীকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আই/এ