জাতীয়

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক আমরা বাস্তবায়ন করব। যার মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি; তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে

তিনি বলেন,  বাংলাদেশ বিনির্মাণের সেই আন্দোলন আজ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে।জনগণকে সচেতন করে তাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটিই একমাত্র উপায়। আসাদুল হাবিব দুলু আজকে যে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা আমার। আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন; জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমরা একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। লালমনিরহাটের আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে সেই প্রত্যশা করছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল