রাজধানীর আদাবরের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে আদাবর থানা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শোয়েব, আরমান ও নয়ন।
বৃহস্পতিবার (২ জুলাই) নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত ২৯ জুন রাতে বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষে নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে। এটিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিরোধ মীমাংসার জন্য গতকাল রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজারে রঞ্জুর দোকানে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক বাদশার হাত,পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।
আই/এ