জাতীয়

দেশে ফিরল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়।

এর আগে, গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ওই প্রবাসীরা। তারা একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

নিহত বাংলাদেশিরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে ফেরানোর সব প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কাতার #সড়ক দুর্ঘটনা #সিলেট #এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর