দেশজুড়ে

স্বামীর ড্রাইভারকে প্রেম করে বিয়ে, পরে গলা কেটে হত্যা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর  গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১) ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার আব্দুস শাকুরের ছেলে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় দিকে দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।   

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন জাহাঙ্গীর আলম।  তিনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

তাদের সংসারে একটি সন্তান রয়েছে। জাহাঙ্গীর আলম ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন। অন্য নারীর সঙ্গে জনির সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ থেকে মুন্নি ও তার মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

ওসি জানান, রোববার (২৮ জুন) রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাইয়ে দেন মুন্নি। পরে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে গলা কেটে এবং দুই হাতের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জে