জর্ডানের বিপক্ষে রোববার ( ২৮জুন ) আর্জেন্টিনার ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ছিল স্রেফ নিয়ম রক্ষার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না, সেটি আগেই জানা ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা গোল হজম করলে কোচ লিওনেল স্কালোনি বদলি হিসেবে মাঠে নামান মেসিকে। মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দেন তিনি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান,আজকের ম্যাচে মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, ও চাইলে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারত। কিন্তু ও চেয়েছিল সতীর্থরা খেলুক, যেন সবাই আগামী ম্যাচগুলোর জন্য তৈরি হতে পারে। এটাই ওর মহত্ত্ব।’
মেসির প্রশংসায় তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেসব রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে মেতে থাকে, লিও সেসবের তোয়াক্কা করে না। দলের প্রতি, সতীর্থদের প্রতি ওর ভালোবাসা কতখানি এই সিদ্ধান্তই তার প্রমাণ। এর বাইরে ওকে নিয়ে বলার মতো নতুন কোনো ভাষা আমার নেই।’
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচেই টানা জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবু কোনো ঢিলেমি না দেখিয়ে ৩–১ গোলের স্বচ্ছন্দ জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের আগে থেকেই স্কালোনি জানিয়েছিলেন, এই সুযোগে তিনি বেঞ্চের খেলোয়াড়দের যাচাই করে দেখতে চান। সেই পরিকল্পনার অংশ হিসেবে সবচেয়ে বড় চমক ছিল স্বাভাবিক সেন্ট্রাল মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসকে রাইটব্যাক হিসেবে খেলানো।
ম্যাচ শেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যায় স্কালোনি বলেন, এই পজিশনে বিকল্প প্রস্তুত রাখা জরুরি। তাই নিয়মিত রাইটব্যাক নাহুয়েল মলিনাকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন পর দলে ফিরেছেন। অন্যদিকে গঞ্জালো মন্তিয়েলকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। স্কালোনির বিশ্বাস, নকআউট পর্বে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মন্তিয়েল।
পি/ডি