লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলকে কোনো শর্ত ছাড়াই সেনা প্রত্যাহার করতে হবে বলে দাবি জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। তার দাবি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে নয়, বরং লেবাননের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসরাইল সেখানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
শুক্রবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক ভাষণে নাইম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য একটি রাজনৈতিক পরাজয়ের প্রতীক। তার দাবি, নিজস্ব অবস্থানে অনড় থেকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে ইরান।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ এবং তাদের মিত্ররা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। এ ঘটনার মধ্য দিয়ে অঞ্চলের পরিস্থিতি নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।
লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে দেশের একটি বড় জনগোষ্ঠী বিচ্ছিন্ন বা অসন্তুষ্ট হয়ে পড়ে। সরকারের লক্ষ্য যদি জাতীয় সার্বভৌমত্ব রক্ষা হয়, তাহলে ‘প্রতিরোধ’ সেই প্রচেষ্টায় সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে লেবাননের সরকারের প্রতি দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের আহ্বান জানান নাইম কাসেম। তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের স্বার্থ কিংবা নির্দেশনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
এমএ//