জাতীয়

ঢাকা-তেহরান সরাসরি বিমান চালুর প্রস্তাব ইরানের

বায়ান্ন প্রতিবেদন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং মানুষের যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হলে দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় আরও গতিশীল হবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ জানান তিনি।

আলোচনায় ইরান থেকে তুলনামূলক কম খরচে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানির সম্ভাবনা নিয়েও কথা হয়। পাশাপাশি বাংলাদেশি তৈরি পোশাকের ইরানের বাজারে রপ্তানি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের চলাচল আরও সহজ হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও ইরানের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #ইরান #বিমান যোগাযোগ