চীনা বিনিয়োগকারীদের আরও দ্রুত ও সহজ সেবা দিতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় নতুন ব্যবসার অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করা হবে এবং মাত্র ১৫ দিনের মধ্যেই অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রমও দ্রুতগতিতে এগোচ্ছে।
তারেক রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আধুনিক বস্ত্রশিল্প এবং ওষুধশিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বক্তব্যে চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির যাত্রায় যুক্ত হওয়ার জন্য এটাই উপযুক্ত সময়।
এসি//