ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ অনুমোদিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে পাস হয়। বিশ্লেষকদের মতে, এটি ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতি এবং সামরিক কর্মকাণ্ড নিয়ে কংগ্রেসের উদ্বেগের প্রতিফলন।
মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রস্তাবটি সরাসরি আইন হিসেবে কার্যকর না হলেও প্রশাসনের প্রতি কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে এমন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদও একই ধরনের একটি প্রস্তাব অনুমোদন করেছিল।
ভোটের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে প্রস্তাবটিকে ‘অর্থহীন’ এবং ‘ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন। তার দাবি, এ ধরনের পদক্ষেপ ইরানের জন্য কূটনৈতিক সুবিধা তৈরি করতে পারে।
সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, দীর্ঘদিন ধরে অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের যুদ্ধনীতি সমর্থন করলেও সাম্প্রতিক ভোটে সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। তিনি ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন।
ভোটাভুটিতে রিপাবলিকান দলের চার সদস্য— লিসা মুরকোস্কি, সুসান কলিন্স, র্যান্ড পল এবং বিল ক্যাসিডি প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিপরীতে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এর বিরোধিতা করেন।
পরে ট্রাম্প ওই রিপাবলিকান সিনেটরদের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান প্রশাসনের নীতিনির্ধারণ ও কার্যক্রম পরিচালনাকে আরও জটিল করে তুলছে।
এদিকে ভোটের সময় রিপাবলিকান দলের জ্যেষ্ঠ নেতা মিচ ম্যাককনেল অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না। এছাড়া ডেভ ম্যাককর্মিকও ভোটে অংশ নেননি। ফলে সিনেটে রিপাবলিকানদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানো সম্ভব হয়নি।
এমএ//