ফুটবল

মেসিকে অভিনন্দনে ভাসিয়ে ক্লোসা বললেন- ‘মেসিই সর্বকালের সেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এতদিন ছিল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে। সোমবার (২২জুন) গ্রুপ ‌‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্লোসাকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।

তবে নিজের দীর্ঘদিনের রেকর্ড হারানোর পরও কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার হাতে রেকর্ডটি যাওয়ায় আনন্দই প্রকাশ করেছেন সাবেক এই জার্মান স্ট্রাইকার। মেসির নতুন কীর্তিকে স্বাগত জানিয়েছেন তিনি।  

জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, ‘আমি সব সময়ই বলেছি মেসি মোটেও সহজপাত্র নন। আমার কাছে লিও-ই সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন।’ মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও গোপন করেননি জার্মানির সাবেক এই ফরোয়ার্ড। ক্লোসার মতে, ফুটবলের প্রতি মেসির দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতা এবং ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

মজার বিষয় হলো, বিশ্বকাপ শুরুর আগে একই সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেছিলেন, রেকর্ড চিরস্থায়ী নয়; একদিন না একদিন সেটি ভাঙবেই। আর যদি মেসি সেই কাজটি করেন, তাহলে সেটিকে তিনি স্বাগত জানাবেন।

বিশ্বকাপের মঞ্চে বহু বছর ধরে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন ক্লোসা। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপ খেলেই এই কীর্তি গড়েছিলেন তিনি।  দীর্ঘ সময় ধরে রেকর্ডটি অক্ষুণ্ন থাকলেও ‍সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দুটি গোল করে তিনি প্রথমে ক্লোসার রেকর্ড স্পর্শ করেন, পরে সেটিকে পেছনে ফেলেন। আর্জেন্টিনাও ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যায়।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর মেসি চলমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকারও শীর্ষে চলে এসেছেন। ২৮ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৮টি। এছাড়া মেসি এখন টানা ৬টি বিশ্বকাপ ম্যাচে গোল করার গৌরব অর্জন করলেন, যা ফ্রান্সের ফন্তেইন এবং ব্রাজিলের জরজিনিয়োর টানা ম্যাচে গোল করার সর্বকালের রেকর্ডের সমান।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্লোসা #মেসি #আর্জেন্টিনা