আন্তর্জাতিক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাবে তেহরান: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ শিগগিরই তেহরানের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

রোববার (২১ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হ্য।

প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আজ থেকে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাতারে থাকা আমাদের ৬০০ কোটি ডলারও অবমুক্ত হবে এবং দেশে ফেরত আসবে।’

পেজেশকিয়ান আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না। তিনি বলেন, এটি আমাদের অধিকার এবং শেষ পর্যন্ত অন্য পক্ষকে তা মেনে নিতেই হবে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগের বিষয়ে তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। তিনি দাবি করেন, ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই একই রয়েছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বও বারবার এ বিষয়টি স্পষ্ট করেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় সচল রাখার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #কাতার