আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। একই সময়ে দেশের বিভিন্ন এলাকাতেও পৃথক হামলার খবর পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, নাবাতিয়েহ জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় আরেকটি হামলায় একজন নিহত হন। দক্ষিণের টাইর জেলাতেও ইসরাইলি হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নতুন যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত থাকায় প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। দলটির সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, ইসরাইল যদি হামলা চালিয়ে যায়, তবে তার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর রয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে সব পক্ষকে তা মেনে চলতে হবে। তার অভিযোগ, লেবাননের বিভিন্ন গ্রাম ও বসতিপূর্ণ এলাকায় হামলা এবং নতুন অঞ্চল দখলের চেষ্টা যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।

ফাদলাল্লাহ আরও দাবি করেন, ইসরাইল আগ্রাসী ও দখলদার শক্তি হিসেবে আচরণ করছে। তাই লেবাননের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের মোকাবিলা করা এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হিজবুল্লাহর বৈধ অধিকার বলে তিনি মন্তব্য করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ লেবানন #লেবানন #ইসরাইল #হিজবুল্লাহ