মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর অবস্থান নেওয়ায় পুশইন চেষ্টায় ব্যর্থ হয় বিএসএফ।
শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে শূন্যরেখারে ওপারে চারজনকে দেখতে পান তারা। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।
ঘটনাস্থলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
এদিকে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। ঐ এলাকায় বিজিবি টহল জোরদার করেছে।
আই/এ