দেশজুড়ে

পোশাক কারখানায় বিস্ফোরণে আহত ৭, শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি  পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরোনো হওয়ায় মালিকপক্ষকে তারা বারবার পরিবর্তনের অনুরোধ করেছিলেনকিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সেই অনুরোধে সাড়া দেয়নি। আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে ব্যস্ত থাকাকালে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ সাত জন আহত হন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।

ওসি মাহবুব আলম বলেন, রপ্তানিমুখি ঐ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে কারখানার মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের আলোচনা করে বিষয়টির সমাধান করেছেনবর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ