বিনোদন

স্নায়ুর জটিলতায় গুরুতর অসুস্থ সোনু নিগাম

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগাম গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। গত এক সপ্তাহ ধরে স্নায়ুজনিত জটিলতায় ভুগতে হচ্ছে তাকে। যাকে চিকিৎসা ভাষায় ‘পিঞ্চড নার্ভ’র সমস্যা বলা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রামে আপলোড করা এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সোনু। 

তিনি জানান, গত কয়েক দিনে তাকে একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছে। বর্তমানে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপিও নিচ্ছেন। তবে পেশি শিথিল করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলোর প্রভাবে তার গলা ভারী হয়ে যাচ্ছে।

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় গায়ক সোনু নিগাম।

তিনি জানান, দীর্ঘ সময় গান থেকে দূরে থাকায় তার আত্মবিশ্বাস কিছুটা কমে গিয়েছিল। এর সঙ্গে নতুন করে শারীরিক অসুস্থতা ও কণ্ঠসংক্রান্ত সমস্যাও তাকে মানসিকভাবে চাপে ফেলেছে।

তবে সব বাধা পেরিয়ে আবারও দর্শকদের সামনে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী এই শিল্পী। তার বিশ্বাস ঈশ্বর তাকে সেই শক্তি দেবেন, যাতে তিনি আবারও মঞ্চে ফিরে আগের মতো পারফর্ম করতে পারেন।

উল্লেখ্য, অসুস্থ অবস্থায় অনুষ্ঠান করা সোনুর জন্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার শারীরিক সমস্যা নিয়েই মঞ্চে পারফর্ম করেছেন তিনি। গত বছর তীব্র পিঠের ব্যথা নিয়েও লাইভ কনসার্টে গান গেয়েছিলেন। তবে এবার পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি জটিল বলে মনে করছেন ভক্তরা।

প্রিয় শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

    

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #সোনু নিগম #পিঞ্চড নার্ভ