ফুটবল বিশ্বকাপ মানেই কোটি ভক্তের উন্মাদনা, ইতিহাসের পাতায় নাম লেখানোর লড়াই। আর সেই লড়ায়ের কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। নিজের ২০০ তম আন্তর্জাতিক ম্যাচে হ্যাট্রিক করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই মহাতারকা।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনা ভেঙে দিল বহুদিনের এক অপূর্ণতা। ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে সেই অভিশাপ ঘুচিয়ে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপ যাত্রা শুরু করল আর্জেন্টিনা।
বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটি তিনটি গোলই করেছেন মেসি।
এই হ্যাটট্রিক করে তিনি ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। আর মাত্র একটি গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে করেন চোখধাঁধানো এক গোল। ম্যাচের ৬০ মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে নিজের দ্বিতীয় গোলটি পান মেসি। ম্যাচের ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন এই মহাতারকা।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের দারুন শুরুর বার্তা দিলো আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো আছে সেই চার বছর আগের মতোই।
আর/আই