দেশজুড়ে

কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশের এটিএসআই নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মহাসড়কে দায়িত্ব পালনকালে বেপরোয়া ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৪৩) নামে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন। নিহত নুরুল ইসলাম বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে আসে। এ সময় মহাসড়কের পাশে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার শিকার ট্রাকটিকে পেছন থেকে আরেকটি যানবাহন ধাক্কা দিলে ট্রাকচালক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাফখর হোসেন বলেন, নিয়মিত দায়িত্ব পালনকালে নুরুল ইসলাম দুর্ঘটনার শিকার হন। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ