জাতীয়

রাজশাহীর আমের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে এবার সরাসরি আমের রাজধানী হিসেবে পরিচিত অঞ্চলে হাজির হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর আমের হাট পরিদর্শন করেন এবং স্থানীয় আমের মান ও স্বাদের ভূয়সী প্রশংসা করেন।

সকাল নয়টার দিকে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা বানেশ্বর আমের হাটে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হাটের বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাতসহ বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন এবং ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি আম উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত জানতে চান।

রাষ্ট্রদূতের উপস্থিতিতে পুরো হাট এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা তার সঙ্গে ছবি তোলেন এবং রাজশাহীর আম উৎপাদন নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা মনে করেন, এ ধরনের সফর দেশের কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করতে সহায়তা করবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, এটি তার প্রথম রাজশাহী সফর হলেও এর আগে ২০২০ সালে তিনি এই অঞ্চলে এসেছিলেন। তবে এবার তিনি বিশেষভাবে আমের মৌসুমে আসার সিদ্ধান্ত নেন স্থানীয় আমের স্বাদ নেওয়ার জন্য।

তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিনির্ভর অঙ্গরাজ্য থেকে এসেছেন, তাই যেকোনো পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে গিয়ে তা দেখা ও উপভোগ করার অভিজ্ঞতা ভিন্ন রকম।

তার ভাষায়, “সবচেয়ে তাজা ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের জায়গাতেই পাওয়া যায়, রাজশাহীর আমও ঠিক তেমনই।”

আমের আন্তর্জাতিক বাজার প্রসার নিয়েও মত দেন মার্কিন রাষ্ট্রদূত।

তার মতে, বাংলাদেশে আম রপ্তানি বাড়াতে আধুনিক কোল্ড চেইন ও হিমাগার ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সঠিক সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে সারা বছর হিমায়িত আম আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা সম্ভব, যা রপ্তানি সম্ভাবনাকে আরও বাড়াবে।

 

বানেশ্বর হাট পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করেন। সফরের দ্বিতীয় দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে যাবেন এবং পরে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #আম #মার্কিন রাষ্ট্রদূত #ব্রেন্ট টি ক্রিস্টেনসেন