মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’কে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন হলিউড তারকা টম হল্যান্ড। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই ভক্তদের জন্য ঘোষণা দিয়েছেন এক বিশেষ বৈশ্বিক প্রচারণা সফরের।
সোমবার (১৫ জুন) ‘স্পাইডার-ম্যান’-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় টম হল্যান্ড জানান, সিনেমাটির পুরো টিমকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন তিনি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে থাকা দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে টম বলেন, বিশ্বব্যাপী ভক্তদের সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে আছেন। একইসঙ্গে সবাইকে নিয়ে স্পাইডার-ম্যান উদযাপনের এই অভিজ্ঞতা তার জন্যও বিশেষ হতে যাচ্ছে বলে জানান অভিনেতা।
শুধু সফরের ঘোষণাই নয়, ভক্তদের জন্য একটি মজার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন হল্যান্ড।
সফরের প্রথম গন্তব্য কোন দেশ হবে, সেটি অনুমান করতে বলেছেন তিনি। পাশাপাশি ‘স্পাইডি ট্র্যাকার’ নামে একটি বিশেষ ট্র্যাকিং ব্যবস্থার কথাও জানিয়েছেন, যার মাধ্যমে সফরের বিভিন্ন আপডেট ও টিমের অবস্থান সম্পর্কে জানতে পারবেন দর্শকরা।
এদিকে নতুন সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে টম হল্যান্ডের সঙ্গে পর্দা ভাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জেন্দায়া এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্ক।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমা। মুক্তির আগে টম হল্যান্ডের এই বিশেষ উদ্যোগ ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
পি/ডি