সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া দুই পৃথক মানহানি মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো এবং বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পৃথক দুই ব্যক্তি দুটি মানহানির মামলা দায়ের করেন।
মামলাগুলোতে আদালতে হাজির হয়ে নিয়মিত জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা।
আজকের শুনানিতে তার পক্ষে আইনজীবী মো. আবু তালেব আদালতে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে বাদীপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মানহানির মামলায় গেল ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান মুফতি আমির হামজা। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন। আদালতের এ আদেশের ফলে দুটি মামলায় আপাতত জামিনে মুক্ত থাকবেন তিনি।
আর/আই