আন্তর্জাতিক

ফের হরমুজ ঘিরে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে নতুন অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের টানা দ্বিতীয় দিনের পাল্টাপাল্টি হামলার প্রভাবে বৃহস্পতিবার (১১ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ওপরে উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আবারও সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। এর জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। এতে এপ্রিলের যুদ্ধবিরতির পরও টিকে থাকা ভঙ্গুর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সমঝোতায় পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এর মূল্য দিতে হবে।

মার্কিন হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে হরমুজ প্রণালির কাছাকাছি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি রাডার ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আগের দিনও একই ধরনের হামলার দাবি করেছিল ইরান।

হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে আইআরজিসির আরেক দাবি। সংস্থাটি বলছে, প্রণালি দিয়ে চলাচল করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। 

এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেন্টকম বলছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এখনো এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করছে।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে এমন বিপরীতমুখী দাবি ও সামরিক উত্তেজনা বাজারে উদ্বেগ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #জ্বালানি তেল #ইরান #যুক্তরাষ্ট্র