জাতীয়

১৮২ কোটি টাকায় পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ পিকআপ

বায়ান্ন প্রতিবেদন

পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের অপারেশনাল কার্যক্রমের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব যানবাহন দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পুলিশ #অপারেশনাল কার্যক্রম #ডাবল কেবিন পিকআপ