দেশজুড়ে

ঢাকাগামী ট্রেনের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। পরে দেখা যায়, ট্রেনটির পাওয়ার কারের চাকা রেললাইন থেকে ছিটকে গেছে। এ ঘটনার পরই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি আরও বলেন, লাইনচ্যুত পাওয়ার কারটি ঘটনাস্থলেই রেখে ট্রেনের বাকি অংশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। পাওয়ার কারটি উদ্ধার করতে কিছুটা সময় লাগতে পারে। উদ্ধারকাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

 

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেলপথে চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহ #ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন #জামালপুর #ট্রেন