শিক্ষা

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামসহ বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষাক্রম পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। আগামী বছর  ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয়  অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে।

তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ‍্যবই দেয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ‍্যবই পাবে শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন,  পরবর্তী এসএসসি পরীক্ষার সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। ৭ জানুয়ারি মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা শুরু করতে চায়

প্রসঙ্গত,  এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়। এবারের পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী