নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আজকে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের যাত্রীসাধারণকে। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে বাস থেকে নেমে গিয়েছিলেন। তাদের সচেতনতার কারণে আজকে আমরা বড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দৌলতদিয়া বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি বের করার জন্য কাজ শুরু হয়েছে। এ কারণে নৌ পরিবহন মন্ত্রনালয় একটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। গাড়ির চালক ও হেলপার সুস্থ হলে জানা যাবে গাড়ির কোনো সমস্যা ছিল কি-না, চালকের কোনও সমস্যা ছিল কি-না বা গাড়ির ফিটনেসের কোনও সমস্যা ছিল কি-না। সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।
তিনি বলেন, বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ঢালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। তবে এখন পর্যন্ত অস্বাভাবিকভাবে কিছু নজরে পড়েনি।
তিনি আরও বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীদের। তারাও আজকে সিরিয়াসলি কাজ করেছেন। যে কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী আজকের ঘটনার পরে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। বাসটি উদ্ধারের পরেও তিনি খোঁজ নিয়েছেন’।
পরিদর্শনকালে এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ