প্রতিবেশী দেশ থেকে পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে বাহিনীটির আওতাধীন এলাকায় কোন পুশিনের ঘটনা পরিলক্ষিত হয়নি।
শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কোস্ট গার্ডের আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।
সাব্বির আলম সুজন বলেন, সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ ছাড়া পুশইন সংক্রান্ত যেকোনও তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ নম্বরে ফোন করে সহযোগিতার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
আই/এ