কুমিল্লার বরুড়ায় সাবেক এলডিপি নেতা ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় তার বাবাকে মারধর করে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেছে পরিবার।
গেল ২৭ মে বরুড়া উপজেলার ভাউকসার বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একদল বিএনপি কর্মী-সমর্থক ইসমাইল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার বাবার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর চালান। পরে জোর করে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন আগে এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়ে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরে ২০২৪ সালের নভেম্বরে তার বাবা দোকানটি আবার চালু করেন।
পরিবারের অভিযোগ, দোকান চালু করার পর থেকেই একটি প্রভাবশালী মহল প্রতিষ্ঠানটির ওপর চাপ সৃষ্টি করছিল। হামলাকারীদের মধ্যে বিএনপি কর্মীদের পাশাপাশি সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন সাবেক আওয়ামী লীগ কর্মীও ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে হামলার সময় ইসমাইল হোসেন দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
এমএ//